দেশের পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো এবং পুরোনো ও জরাজীর্ণ ইঞ্জিনের সংকট কাটাতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (রেল ইঞ্জিন) সংগ্রহ করা হবে। নতুন ইঞ্জিন যুক্ত হলে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ট্রেন পরিচালনায় বিদ্যমান সীমাবদ্ধতাও কমবে বলে আশা করা হচ্ছে।
‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটির মূল লক্ষ্য হলো মিটারগেজ রুটে ইঞ্জিনের সংকট দূর করা, পুরোনো ইঞ্জিন প্রতিস্থাপন এবং রেলওয়ের পরিবহন সক্ষমতা বাড়ানো। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ মিটারগেজ রুটগুলোতে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ বাড়াতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন আসবে এই উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ থেকে।
রেলওয়ের বিদ্যমান ইঞ্জিন সংকট এবং পণ্য পরিবহনে রেলপথের সীমিত অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে।
অথচ তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণ পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহন এবং সড়কপথের ওপর চাপ কমানোর ক্ষেত্রে রেলওয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ সাড়ে তিন বছরের মধ্যে নতুন ইঞ্জিন সংগ্রহসহ সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় ইঞ্জিন কেনার পাশাপাশি এগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম, বিশেষায়িত টুলস এবং কারিগরি সহায়তাও সংগ্রহ করা হবে। পাশাপাশি রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেন, ‘রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি। তিনি বলেন, ‘আমাদের অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এর ফলে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় একটি অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরের বেশি। দীর্ঘদিন ব্যবহারের ফলে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমে গেছে।
পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ বাজারে পাওয়া যায় না। ফলে বিকল্প উপায়ে যন্ত্রাংশ সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
কোনো ইঞ্জিন বিকল হলে তা মেরামত করে আবার চালু করতে দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাও সীমিত হয়ে পড়ে।
বিশেষ করে মিটারগেজ রেলপথে ইঞ্জিনের ঘাটতি রেলওয়ের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এ সংকট কিছুটা কমবে। পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক নির্ভরযোগ্য ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। এতে ট্রেনের সময়সূচি ঠিক রাখা, অতিরিক্ত ট্রেন চালানো এবং বিদ্যমান রেলপথের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।
প্রকল্পের আওতায় প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিন কেনা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। এতে আন্তর্জাতিক বাজারের উপযুক্ত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ থাকবে। ইঞ্জিনের পাশাপাশি প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম সংগ্রহ করা হবে। ফলে নতুন ইঞ্জিনগুলো দীর্ঘদিন সচল রাখার প্রস্তুতিও থাকবে।
এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। রেলপথমন্ত্রী জাতীয় সংসদে জানান, ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রধান বাণিজ্যিক করিডোরগুলোতে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি মালবাহী ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ, ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নাধীন বড় রেল প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রেলওয়ের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নতুন ৩০টি লোকোমোটিভ সংগ্রহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এ সংখ্যাই ইঞ্জিনের সামগ্রিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।
রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সে তুলনায় বর্তমান প্রকল্পে সংগ্রহ করা হচ্ছে ৩০টি ইঞ্জিন। অর্থাৎ পর্যায়ক্রমে আরও ইঞ্জিন সংগ্রহের প্রয়োজন রয়েছে।
রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ কার্যক্রম বাস্তবায়নে সময় লাগতে পারে। এক মূল্যায়নে বলা হয়েছে, রূপান্তর কার্যক্রম বিলম্বিত হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও দেশের বিভিন্ন রুটে মিটারগেজ ট্রেন চলাচল করতে পারে। সে বিবেচনায় মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, রেলপথের ধরন পরিবর্তনের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল ও কার্যকর রাখা জরুরি।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে এলাকায় এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসব অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বিবেচনায় নতুন ইঞ্জিনগুলো রেলওয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াচ্ছে রেলওয়ে

